ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আত্মসাৎ ও রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায়, অর্থ আত্মসাৎ ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ নভেম্বর) দুপুরে দুদকের একটি দল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডে অভিযান চালায়।
অভিযোগ রয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন প্রকৃতপক্ষে যত যানবাহন চলাচল করে, টোল আদায়ের হিসাব দেখানো হচ্ছে তার চেয়ে কম। এর মাধ্যমে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।
এ ছাড়া অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগও রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দেয় পুলিশের বিশেষ শাখা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।