ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৩ জন
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৭ জনে। আর এ সময়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১১৮ জন করে, বরিশাল বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।
ঢাকা মহানগরের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১২০ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৩৪ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ঢাকা মহানগরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৯১ জন। এ সময়ে মারা গেছেন ২৩৩ জন। বর্তমানে মহানগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী।