শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › ভাইরাল শাকিব খানের কান্নার ছবি, ‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য আলোচনায়

ভাইরাল শাকিব খানের কান্নার ছবি, ‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য আলোচনায়

favicon
অনলাইন সংস্করণ
ভাইরাল শাকিব খানের কান্নার ছবি, ‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য আলোচনায়

সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের কিছু আবেগঘন ছবি। ছবিগুলোতে দেখা যায়, ময়লা শার্ট ও প্যান্ট পরে পাগলের বেশে বসে আছেন তিনি। হাতে খাবারের থালা, চোখে অশ্রু—মুহূর্তটি দেখে মনে হয় প্রকৃতপক্ষে তিনি কষ্টে আছেন।


এই দৃশ্যগুলো আসলে শাকিব খানের গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তাণ্ডব’-এর বিশেষ কিছু মুহূর্ত। ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন ফটোগ্রাফার ফারহান রোমান।


রোববার (২০ জুলাই) ফারহান রোমান ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছেন,

“একজন ফটোগ্রাফারের ছবি তখনই সার্থক হয় যখন তার তোলা ছবি কথা বলে। আর ক্যারিয়ার তখনই পূর্ণ হয়, যখন সেই ছবির মানুষটি শাকিব খান।”


তিনি আরও লেখেন,

“শাকিব খান অভিনয় দিয়ে দৃশ্যটিকে এতটাই জীবন্ত করেছেন যে মনে হয় বাস্তবের চেয়ে বেশি সত্য। তিনি চরিত্রে ঢুকে গেছেন; কে ছবি তুলছে বা কে দেখছে, সে খেয়ালই নেই। এ কারণেই তিনি শাকিব খান।”


এদিকে সিনেমার ভাইরাল হওয়া ছবির একটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। শাকিব খানের প্রশংসা করে তিনি লিখেছেন,

“আপনি বেঁচে থাকুন, শতবর্ষী হোন। আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক।”


‘তাণ্ডব’ সিনেমার গল্প এগিয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা কেন্দ্র করে। আলফা আই-এসভিএফ বাংলাদেশের প্রযোজনায় রায়হান রাফী নির্মিত সিনেমাটিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।


ছবির অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন—

আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত ও মিশা সওদাগর।

ক্যামিও চরিত্রে দেখা গেছে সিয়াম আহমেদ ও আফরান নিশোকে।


‘তাণ্ডব’ গত ঈদে ২৮টি শো দিয়ে মাল্টিপ্লেক্সে যাত্রা শুরু করে। এটি ছিল গত বছরের ঢালিউডের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা।