শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে বিশ্বজুড়ে শোক—ইয়ুমনা জায়েদিসহ তারকাদের সমবেদনা

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে বিশ্বজুড়ে শোক—ইয়ুমনা জায়েদিসহ তারকাদের সমবেদনা

favicon
অনলাইন সংস্করণ
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে বিশ্বজুড়ে শোক—ইয়ুমনা জায়েদিসহ তারকাদের সমবেদনা

রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-সেভেন) বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় স্তব্ধ গোটা দেশ। মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৬৫ জন।


সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর শিক্ষার্থীদের ব্যস্ত সময়ে সংঘটিত এই দুর্ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। বিধ্বস্ত হওয়া সঙ্গেই আগুন ধরে যায় স্কুল ভবনে। উদ্ধার অভিযান এখনও চলছে, ধ্বংসস্তূপে অনুসন্ধান অব্যাহত রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এই হৃদয়বিদারক ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি ইনস্টাগ্রামে শোক প্রকাশ করে লেখেন, “এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।”


তার বার্তার সঙ্গে ছিল বাংলাদেশের পতাকার ইমোজি এবং একটি ভালোবাসার প্রতীক, যা নিঃশব্দে প্রকাশ করেছে তার অনুভূতি ও শ্রদ্ধা।


ইয়ুমনা জায়েদির পাশাপাশি আরও কয়েকজন পাকিস্তানি তারকাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “শিশুদের মৃত্যুর খবর শুনলেই চোখে অন্ধকার নেমে আসে।” আবার কেউ বলেন, “এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।”


এই ভয়াবহ দুর্ঘটনা প্রমাণ করেছে, কিছু শোক কোনো সীমানা মানে না। এখন পুরো দেশ ও বিশ্ববাসীর একটাই প্রার্থনা—আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আর কোনো প্রাণ না হারায়।