শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › উত্তরায় শুটিং হাউজ বন্ধের নির্দেশে শিল্পী সমাজের ক্ষোভ, সমাধানে নীতিমালার দাবি

উত্তরায় শুটিং হাউজ বন্ধের নির্দেশে শিল্পী সমাজের ক্ষোভ, সমাধানে নীতিমালার দাবি

favicon
ভোরের আলো ডেস্ক:
উত্তরায় শুটিং হাউজ বন্ধের নির্দেশে শিল্পী সমাজের ক্ষোভ, সমাধানে নীতিমালার দাবি

উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত শুটিং হাউজগুলো বন্ধের নির্দেশনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনয় শিল্পী ও নির্মাতারা।

রোববার (২০ জুলাই) হাউজ মালিকদের কাছে পাঠানো একটি চিঠিতে জানানো হয়, আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং হাউজ পরিচালনা করা আবাসিক নীতিমালার পরিপন্থী। এছাড়া স্বাভাবিক পরিবেশ নষ্ট, এলাকাবাসীর অধিকার ক্ষুণ্ন এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, উত্তরা সেক্টর ৪–এ তিনটি শুটিং হাউজ রয়েছে— লাবণী-৪, লাবণী-৫ এবং আপনঘর-২। হঠাৎ এমন নিষেধাজ্ঞায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় নির্মাতা ও শিল্পীরা।


ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন,

“একটা হাউসে অনেক ধারাবাহিক নাটকের শুটিং চলে, অনেক কন্টিনিউটি থাকে। হঠাৎ করে বললেই হয় না। সময় দিয়ে, পরিকল্পিতভাবে জানানো উচিত ছিল।”


গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান জানান,

“বিষয়টি নিয়ে সকল সংগঠনের সঙ্গে আলোচনা করব। এরপর উত্তরা কল্যাণ সমিতির সঙ্গে বসার পরিকল্পনা রয়েছে।”


নির্মাতা তপু খান বলেন,

“সরাসরি নিষেধাজ্ঞা সংস্কৃতির বিকাশে বাধা। সংশ্লিষ্ট সংগঠনগুলোকে অনুরোধ করছি দ্রুত ব্যবস্থা নিতে।”


‘অভিনয় শিল্পী সংঘ’র সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু অভিযোগ করে বলেন,

“এসব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে। দীর্ঘদিন ধরে একটি মহল উত্তরার শুটিং হাউজগুলো উচ্ছেদের চেষ্টা করে আসছে।”


অভিনয় শিল্পী সংঘের সাবেক সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন,

“আবাসিক এলাকায় বহু ধরনের ব্যবসা, অফিস, স্কুল পরিচালিত হয়। শুধু শুটিং নিয়েই সমস্যা তোলা হচ্ছে! আগেও এমন হয়েছে, তখন স্থানীয় সংসদ সদস্য, সিটি করপোরেশন ও প্রশাসনের সহযোগিতায় নীতিমালা তৈরি করে সমাধান হয়েছিল। এবারও সে রকম উদ্যোগ নেওয়া উচিত। সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করছি।