৩ কোটি রুপি লাভে ফ্ল্যাট বিক্রি করলেন সোনু সুদ
বলিউড অভিনেতা সোনু সুদ আবারও শিরোনামে এলেন। তবে এবার সিনেমা নয়, ব্যক্তিগত কারণে। সম্প্রতি মুম্বাইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে প্রায় ৩ কোটি রুপি লাভ করেছেন তিনি।
মুম্বাইয়ের অভিজাত এলাকা লোখান্ডওয়ালা মিনার্ভায় অবস্থিত ১,২৪৭ বর্গফুটের ফ্ল্যাটটি ৮ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি করেছেন সোনু। চলতি মাসেই এর রেজিস্ট্রি সম্পন্ন হয়।
২০১২ সালে ৫ কোটি ১৬ লাখ রুপিতে ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি। ১২ বছর পর বিক্রি করে অভিনেতার হাতে আসে প্রায় ২ কোটি ৯৪ লাখ রুপির লাভ—বাংলাদেশি মুদ্রায় যা ৪ কোটিরও বেশি।
বর্তমানে সোনু সুদের আনুমানিক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি রুপি। সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা ও নিজস্ব প্রোডাকশন হাউস থেকেই মূলত তিনি এ সম্পদ গড়েছেন। প্রতিটি সিনেমায় তার পারিশ্রমিক ২–৩ কোটি রুপি পর্যন্ত। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২৭.৫ মিলিয়ন, যা ব্র্যান্ড চুক্তি থেকে তার আয় আরও বাড়িয়েছে।
যদিও হঠাৎ করে কেন তিনি এই ফ্ল্যাট বিক্রি করলেন সে বিষয়ে কিছু জানাননি।
অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্যও সোনু সুদ সমানভাবে জনপ্রিয়। করোনা সংকটকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি “রিয়েল লাইফ হিরো” খেতাব পান। সম্প্রতি মহারাষ্ট্রের এক কৃষককে হালচাষের জন্য এক জোড়া ষাঁড় উপহার দিয়েও প্রশংসিত হয়েছেন এই অভিনেতা।