স্বপ্নের নায়ক সালমান শাহর প্রয়াণ দিবস আজ
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ৬ সেপ্টেম্বর এক বেদনাবিধুর দিন। ১৯৯৬ সালের এই দিনে না–ফেরার দেশে চলে যান জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে তার অকাল প্রয়াণ স্তব্ধ করে দিয়েছিল ভক্তদের হৃদয়। সময় গড়িয়ে গেছে ২৯ বছর, তবুও এই দিন এলে কোটি ভক্তের মনে জাগে শোক, বিস্ময় আর গভীর ভালোবাসা।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। পুলিশের তদন্তে বলা হয়েছিল, তিনি আত্মহত্যা করেছিলেন। তবে তার পরিবার ও ভক্তরা এ তদন্ত ফলাফল মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসছেন, সালমান শাহ পরিকল্পিতভাবে খুন হয়েছেন। তার মৃত্যুর রহস্য এখনো অমীমাংসিত।
সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক। ফ্যাশন–সচেতনতা, স্টাইলিশ ব্যক্তিত্ব ও অভিনয়শৈলীতে তিনি কোটি দর্শকের মন জয় করেছিলেন। বলিউড থেকেও প্রস্তাব পেয়েছিলেন, তবে দেশীয় সিনেমাকেই বেছে নিয়েছিলেন তিনি। ভক্তদের চোখে ছিলেন ‘স্বপ্নের নায়ক’।
তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটবেলায় নাটক ‘পাথর সময়’-এ অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। মৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ সেই সিনেমা দিয়েই তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
মাত্র তিন বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে, যার বেশিরভাগই পেয়েছে দর্শকপ্রিয়তা। অকাল প্রয়াণের ২৯ বছর পরও অনেকে তাকে অনুকরণ করার চেষ্টা করছেন। তবে ভক্তদের হৃদয়ে সালমান শাহ আজও অমর, অদ্বিতীয় ও স্বপ্নের নায়ক।