‘মুচকি হাসির মাসুল আমাকে দিতে হয়েছে’— পিয়া জান্নাতুল
দেশের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল স্পষ্টভাষী হিসেবেও পরিচিত। গত বছর আইনজীবীর পোশাকে তার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
ভিডিওটিতে দেখা যায়, ব্যারিস্টার সুমনের পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছেন পিয়া। মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম এবং ভিডিও।
সম্প্রতি এক অনুষ্ঠানে সেই প্রসঙ্গ উঠে এলে পিয়া জানান, সেই ছোট্ট হাসির কারণেই তাকে বড় মূল্য দিতে হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে তাকে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। তিনি বলেন, “তখন কোন ভুলে হাসছিলাম আমি নিজেই জানি না। কিন্তু ভাইরাল হওয়ার কারণে আমি ভীষণ ভুগেছি, যা ভাষায় প্রকাশ করা কঠিন।”
পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর ২০০৮ সালে র্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা জয় করেন। বর্তমানে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি, পাশাপাশি মডেলিং ও মিডিয়ায়ও সক্রিয় রয়েছেন।