ব্যক্তিগত ভিডিও ফাঁস, মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরিখান ২০২৬-এর মুকুট হারালেন সুপান্নি নয়নোনথং
থাইল্যান্ডের আলোচিত সৌন্দর্য প্রতিযোগিতা মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরিখান ২০২৬-এর শিরোপা জয়ের মাত্র একদিন পরই মুকুট হারালেন বিজয়ী সুপান্নি নয়নোনথং, যিনি ‘বেবি’ নামে পরিচিত। তার ব্যক্তিগত কিছু ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আয়োজক কর্তৃপক্ষ মুকুট প্রত্যাহার করে নেয়।
এনডিটিভি জানায়, আয়োজক কমিটির মতে নয়নোনথংয়ের কর্মকাণ্ড প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের পরিপন্থী। ফলে তাকে মিস গ্র্যান্ড থাইল্যান্ড ২০২৬-এ অংশ নেওয়ার সুযোগও দেওয়া হবে না।
ভিডিওগুলোতে তাকে ধূমপান করতে, অন্তর্বাস পরে নাচতে এবং সেক্স টয় ব্যবহার করতে দেখা যায়। এ দৃশ্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়।
ঘটনার পর ২৭ বছর বয়সী নয়নোনথং সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ক্ষমা চেয়ে জানান, করোনাকালে মারাত্মক আর্থিক সংকটে পড়ে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে তিনি অনলি ফ্যানস-এ কনটেন্ট তৈরি করেছিলেন। তবে পরে তার মা মারা যান। নয়নোনথং বলেন—
“এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরও উন্নত করব এবং যেন আর কখনো এমন কিছু না ঘটে।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু অবৈধ জুয়ার ওয়েবসাইট তার ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করছে। এ বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে থাইল্যান্ডে সৌন্দর্য প্রতিযোগিতার নীতি-নৈতিকতা এবং প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের সীমারেখা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।