শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › তামিলনাড়ুতে বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৯

তামিলনাড়ুতে বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৯

favicon
অনলাইন সংস্করণ
তামিলনাড়ুতে বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৯
থালাপতি বিজয়


ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তামিলনাড়ুর করুর জেলায় অনুষ্ঠিত ওই সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৬ নারী, ৯ পুরুষ ও ৬ শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে। দেখা যায়, প্রচণ্ড ভিড়ের চাপ সামলাতে না পেরে অনেকেই মাটিতে লুটিয়ে পড়েন এবং পদদলিত হন। ভিডিওতে ভিড়ের ভেতরে আতঙ্কিত মানুষের চিৎকার ও দমবন্ধ অবস্থায় বাঁচার জন্য হাহাকার শোনা যায়। অনেক শিশু বাবা-মায়ের কাঁধে বসা অবস্থায়ও বিপদে পড়ে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে উপস্থিত ভিড় বিজয় থালাপতির ভ্রাম্যমান মঞ্চ (বাস) কাছে যাওয়ার অপেক্ষায় ছিলেন। বাস সামনে এগোতেই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


পুলিশ জানায়, বিজয় প্রায় সাত ঘণ্টা দেরিতে সমাবেশস্থলে পৌঁছান। দুপুর ১২টার পরিবর্তে সন্ধ্যা ৭টার পর তিনি উপস্থিত হন। অথচ ভক্তরা সকাল থেকেই প্রচণ্ড গরমে না খেয়ে সেখানে অপেক্ষা করছিলেন। এ অবস্থায় দীর্ঘ প্রতীক্ষা, গরম ও ভিড়ের চাপ মিলেই দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়।


প্রত্যক্ষদর্শীরা আরও জানান, নিহতদের বেশিরভাগই বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’-এর সমর্থক ছিলেন। তারা সকাল থেকে সমাবেশস্থলে ভিড় জমিয়ে প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেছিলেন। বিজয়ের আগমন বিলম্বিত হওয়ায় শেষ পর্যন্ত পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

 সূত্র: এনডিটিভি