রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিনোদনবাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা আহাদ রাজা মীর

বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা আহাদ রাজা মীর

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা আহাদ রাজা মীর

জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর শিগগিরই বাংলাদেশে আসছেন। খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং অভিনেতা নিজেই, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়ে। তিনি লিখেছেন, “হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে,” — সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি।


তবে তিনি এখনো জানাননি, কবে, কোথায়, কোন উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে তিনি আসছেন।


পাকিস্তানি টিভি নাটকের সুবাদে আহাদ রাজা মীর বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ পরিচিত মুখ। বিশেষ করে তাঁর অভিনীত ব্লকবাস্টার সিরিজ ‘এহদ-এ-ওয়াফা’ তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।


২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা নির্বাচিত হন। তাঁর অন্যান্য জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, ‘মীম সে মহব্বত’ এবং ওয়েব সিরিজ ‘ধূপ কি দীওয়ার’।


দেশীয় নাটকের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আহাদ রাজা মীরের পদচারণা রয়েছে। তিনি বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’ এবং নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এর প্রথম সিজনে অভিনয় করেছেন।


মাত্র ১৭ বছর বয়সে, ২০১০ সালে হাম টিভির রোমান্টিক ড্রামা ‘খামোশিয়ান’-এ ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তাঁর অভিনয় জীবন। পরবর্তীতে কানাডায় অবস্থানকালে তিনি মঞ্চনাটক, নির্দেশনা এবং লেখালেখিতেও অভিজ্ঞতা অর্জন করেন।