অভিনয়ে ব্যস্ত পলাশ, নতুন টিভিসিতে ফের নির্মাতার আসনে ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশ
নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়েই মিডিয়ায় পথচলা শুরু করেছিলেন জিয়াউল হক পলাশ। তবে অভিনয়ের মাধ্যমেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র পলাশকে এনে দিয়েছে তুমুল খ্যাতি। পৃথিবীর যেখানেই যান না কেন, দর্শকদের ভালোবাসায় এখনো সিক্ত হন তিনি।
অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও নির্মাণের প্রতি আগ্রহ হারাননি পলাশ। সম্প্রতি তিনি ফ্রুট ড্রিংকস ‘ফ্রুটিকা’-র জন্য একটি নতুন টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) নির্মাণ করেছেন। এক মিনিট দৈর্ঘ্যের এই বিজ্ঞাপনটি প্রচারে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
পলাশ তার অফিশিয়াল ফ্যান পেজে বিজ্ঞাপনটি শেয়ার করেছেন, যেখানে নেটিজেনরা তার পরিচালনা দক্ষতার ভূয়সী প্রশংসা করছেন। বিজ্ঞাপনের মূল বার্তায় তুলে ধরা হয়েছে—বাজারের অসংখ্য ফ্রুট ড্রিংকসের মধ্যে ‘ফ্রুটিকাই সেইভ ড্রিংকস’।
পলাশ বলেন,
“আমি সবসময় চাই, আমি যেটাই বানাই না কেন, তাতে যেন গল্প বলার সুযোগ থাকে। এই বিজ্ঞাপনেও সেই চেষ্টা করেছি। আজিজ গ্রুপের সঙ্গে আগেও কাজ করেছি, দারুণ অভিজ্ঞতা ছিল। এবার তারা বললেন কাজটি সেনসিটিভ, তাই চাইলেন আমি বানাই। তাদের আস্থা রাখার মতো কাজ করতে পেরে ভালো লাগছে।”
এর আগে পলাশ পরিচালিত সর্বশেষ নাটক ছিল ‘সন্ধ্যা সাতটা’। এরপর দর্শক তাকে নির্মাতা হিসেবে আর নতুন নাটকে দেখেননি। তিনি বলেন,
“আমি জানি, একজন জনপ্রিয় অভিনেতা যখন নির্মাণে আসেন, তখন দর্শকের প্রত্যাশা অনেক বেড়ে যায়। তাই পরের প্রজেক্টটা ‘সন্ধ্যা সাতটা’-কে ছাড়িয়ে যেতে হবে—এটা ভেবেই সময় নিচ্ছি। গল্প, স্ক্রিপ্ট, টেকনিক্যাল—সব জায়গায় সেরাটা দিতে চাই।”
বর্তমানে অভিনয় ও নির্মাণ—দুই দিকেই সমান মনোযোগ দিচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা-নির্মাতা।