অস্কারজয়ী নাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই
অস্কারজয়ী কিংবদন্তি নাট্যকার ও শব্দের জাদুকর স্যার টম স্টপার্ড আর নেই। ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার (৩০ নভেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি।
‘শেক্সপিয়ার ইন লাভ’-এর জন্য অস্কার ও গোল্ডেন গ্লোব জয়ী এই খ্যাতিমান শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। এক শোকবার্তায় তারা বলেন, “স্টপার্ড ছিলেন আমাদের সময়ের অন্যতম সেরা লেখক। অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও তিনি ছিলেন অতি বিনয়ী। কলমের ছোঁয়ায় যেকোনো বিষয়কে তিনি শিল্পে রূপ দিতে পারতেন।”
টম স্টপার্ডের নাটক ‘রোজেনক্র্যান্টজ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘দ্য রিয়েল থিং’সহ নানা সৃষ্টিতে দার্শনিক, রাজনৈতিক ও মানবিক বিষয়কে ব্যতিক্রমী রসিকতার সঙ্গে ফুটিয়ে তুলেছিলেন তিনি।
তার এজেন্সি ইউনাইটেড এজেন্টস জানায়, স্টপার্ডকে স্মরণ করা হবে তার সৃজনশীলতা, মানবিকতা, তীক্ষ্ণ বুদ্ধি এবং ইংরেজি ভাষার প্রতি গভীর ভালোবাসার জন্য। রক আইকন স্যার মিক জ্যাগার তাকে নিজের প্রিয় নাট্যকার হিসেবে উল্লেখ করেছেন। প্রকাশনা সংস্থা ফেবার বুকস বলেছে, গত ৬০ বছরের অন্যতম উজ্জ্বল মেধাবী নাট্যকার ছিলেন তিনি।
১৯৩৭ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ায় জন্মগ্রহণ করা টম স্টপার্ডের জন্মনাম ছিল টমাস স্ট্রাউসলার। নাৎসি দখলের আতঙ্কে পরিবার সিঙ্গাপুরে পালিয়ে গেলে সেখানেই জাপানি বন্দিশিবিরে মারা যান তার বাবা। পরে মা ও ভাইকে নিয়ে তিনি অস্ট্রেলিয়া হয়ে ভারতে আশ্রয় নেন। ভারতে তার মা মেজর কেনেথ স্টপার্ডকে বিয়ে করলে তারা ইংল্যান্ডে চলে যান এবং সেখান থেকেই তার নতুন জীবন শুরু হয়।
১৯৫৪ সালে ব্রিস্টলে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন টম স্টপার্ড, পরবর্তীতে হয়ে ওঠেন আধুনিক নাট্যরচনার এক যুগপ্রতিম ব্যক্তিত্ব।