আবারও বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান খান
চার বছর আগে মাদক মামলায় গ্রেপ্তারের পর ব্যাপক আলোচনায় এসেছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিতর্কে জড়ালেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে আরিয়ানকে দুই বন্ধুর সঙ্গে দেখা যায়। তাদের মধ্যে একজন কর্ণাটকের এক মন্ত্রীর ছেলে। জানা গেছে, গত ২৮ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরু গিয়েছিলেন আরিয়ান। সেখানে অশোকনগর এলাকার একটি পাব–এ ওই দুই বন্ধুর সঙ্গে তার দেখা হয়।
অভিযোগ, আনন্দ-উচ্ছ্বাসের মুহূর্তে আরিয়ান জনসমক্ষে মধ্যমা তুলে ‘অশালীন’ ইঙ্গিত করেন। সেই দৃশ্যই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওটি দেখে বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। তাদের দাবি, এ ধরনের আচরণে পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নেয়।
তবে এ বিষয়ে কর্ণাটক পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।