শাকিব-নির্ভরতায় অসন্তোষ অপু বিশ্বাসের: ‘এটা চলচ্চিত্রের জন্য সুসংবাদ নয়’
দেশের নামী প্রোডাকশন হাউসগুলো শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের প্রতি আগ্রহ দেখায় না—এমন মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার মতে, ঢালিউডের এই একপেশে প্রবণতা শিল্পের জন্য শুভ নয়। সম্প্রতি ‘সিক্রেট’ সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
অপু বিশ্বাস বলেন, “অনেক বছর ধরে শাকিব খানের বাইরে অন্য নায়কদের নিয়ে কাজ করতে প্রোডাকশন হাউসগুলো আগ্রহী নয়। এটা কখনোই সুসংবাদ না। আমাদের সবার দায়িত্ব চলচ্চিত্রকে সামনে এগিয়ে নেওয়া।”
তিনি আরও বলেন, “বাংলাদেশি দর্শকদের কাছে ইতিবাচক খবর ও ইতিবাচক ভাইব পৌঁছালে আগ্রহ বাড়ে—এ কাজটি আপনাদেরও করতে হবে।”
সংবাদ সম্মেলনে প্রযোজনা প্রতিষ্ঠান এম কে প্রোডাকশনের নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন অপু। শাকিব-নির্ভরতার চিত্র থেকে বেরিয়ে এসে তাকে সুযোগ দেওয়ায় প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানান তিনি।
এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ট্রল বা বুলিং প্রসঙ্গেও কথা বলেন অপু বিশ্বাস। তার ভাষ্যে, “আমাকে নিয়ে বুলিং হলে সেটা যেন পজিটিভ বুলিং হয়—যে বুলিং থেকে শেখা যায়, সামনে এগোনো যায়।”