আবারও পুত্রসন্তানের মা হলেন ভারতী সিং, খুশিতে আত্মহারা হর্ষ
জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাছিয়ার ঘরে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন ভারতী। শুরুতে বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নান্দনিক ভিডিও শেয়ার করে ভক্তদের এই সুখবরটি নিশ্চিত করেছেন এই তারকা দম্পতি। ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকে সজ্জিত ভারতী ও হর্ষ পরম মমতায় শিশুদের জামা দড়িতে ঝোলাচ্ছেন, যেখানে একটি অ্যানিমেশনের মাধ্যমে ফুটে ওঠে ‘ইটস অ্যা বেবি বয়’ বার্তাটি। ভিডিওর শেষে একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের আনন্দ ভাগ করে নিতে দেখা যায় তাদের।
মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ভারতী জানান যে, মনে মনে তিনি একটি কন্যাসন্তান চেয়েছিলেন, তবে ঈশ্বর যা দিয়েছেন তা তারা সাদরে গ্রহণ করেছেন এবং নবজাতক বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। মাতৃত্বের এই অদ্ভুত অনুভূতির কথা জানিয়ে তিনি আরও বলেন, এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এবং বর্তমানে তিনি বাইরের জগৎ ভুলে সারাক্ষণ কেবল তার সন্তানকেই সময় দিচ্ছেন।
২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ভারতী ও হর্ষ পেশাগত জীবনে সফল সঞ্চালক ও কমেডিয়ান হিসেবে পরিচিত। তাদের বড় ছেলে লক্ষ্য, যাকে সবাই ‘গোলা’ নামেই চেনে, সে ইতিমধ্যেই নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়। এবার গোলার খেলার সঙ্গী হিসেবে পরিবারে নতুন সদস্যের আগমনে ভক্ত ও অনুরাগীরা এই দম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।