মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি, মস্তিষ্কে লেগেছে চোট
মুম্বাইয়ের ব্যস্ত সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে পারফর্ম করতে যাওয়ার পথে এক মদ্যপ চালকের গাড়ি নোরার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় নোরা মাথায় গুরুতর আঘাত পান, যাকে চিকিৎসকরা ‘কনকাশন’ হিসেবে চিহ্নিত করেছেন।
দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় সিটি স্ক্যান করানো হয়। বড় কোনো অভ্যন্তরীণ আঘাত বা রক্তক্ষরণ না থাকলেও মস্তিষ্কে প্রচণ্ড ঝাঁকুনি লাগায় চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই ভক্তদের কথা চিন্তা করে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। সেখানে ডেভিড গেটা ও সিয়ারার সঙ্গে তার নতুন আন্তর্জাতিক গানের এক ঝলক দেখানোর কথা রয়েছে।
ক্যারিয়ারের দারুণ এক সময়ে এই দুর্ঘটনার মুখে পড়লেন নোরা। সম্প্রতি তিনি প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছেন। কাজের ক্ষেত্রেও বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি: দ্য ডেভিল’ ছাড়াও ‘বি হ্যাপি’ এবং ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’-এর মতো একাধিক প্রজেক্টে তাকে দেখা যাবে।