বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › মাঝরাতে উরফি জাভেদের বাড়িতে অজ্ঞাতদের হানা, আতঙ্কে অভিনেত্রী

মাঝরাতে উরফি জাভেদের বাড়িতে অজ্ঞাতদের হানা, আতঙ্কে অভিনেত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
মাঝরাতে উরফি জাভেদের বাড়িতে অজ্ঞাতদের হানা, আতঙ্কে অভিনেত্রী

মাঝরাতে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। আনুমানিক রাত ৩টার দিকে তাঁর বাড়ির দরজায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি এসে হানা দেয় এবং প্রায় ১০ মিনিট ধরে অনবরত কলবেল বাজাতে থাকে। ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে উরফি জানান, সেই সময় দরজার বাইরে থেকে এক ব্যক্তি তাঁকে দরজা খোলার জন্য জোর করতে থাকে এবং পাশে আরও একজন লোক দাঁড়িয়ে ছিল।


একা থাকা অবস্থায় এমন পরিস্থিতিতে চরম আতঙ্কিত হয়ে পড়েন উরফি। তিনি বলেন, "রাত ৩টার সময় কোনো মেয়ের বাড়ির বাইরে এসে কেউ যদি এভাবে দরজা খুলতে বলে, তা অত্যন্ত ভীতিকর।" ঘটনার গুরুত্ব বুঝে তিনি দ্রুত পুলিশে খবর দেন। তবে উরফির অভিযোগ, পুলিশ আসার পর ওই ব্যক্তিরা উল্টো পুলিশ এবং তাঁর সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ শুরু করে। তারা পুরো ঘটনার দায় অস্বীকার করার পাশাপাশি সেখান থেকে রূঢ় ভাষায় কথা বলে চলে যাওয়ার চেষ্টা করে।


এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর উরফি প্রশ্ন তুলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা তিনি জানতে চান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা উরফির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।