২১ কোটি রুপি ও পরচুলা বির্তক: কেন ‘দৃশ্যম ৩’ ছাড়লেন অক্ষয় খান্না?
‘ধুরন্ধর’ সিনেমার অভাবনীয় সাফল্যের রেশ কাটতে না কাটতেই বলিউড পাড়ায় শোরগোল তুলেছিল অক্ষয় খান্নার ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়ানোর খবর। তবে কেন তিনি এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি ছাড়লেন, তা নিয়ে এত দিন ধোঁয়াশা থাকলেও সম্প্রতি চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে। জানা গেছে, মূলত লুক ও পারিশ্রমিক—এই দুই ইস্যুতে নির্মাতাদের সঙ্গে বনিবনা না হওয়াতেই সিনেমাটি ছেড়েছেন তিনি।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এ একজন আইজিপি অফিসারের চরিত্রে অক্ষয়ের অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। সেই ছবিতে তাঁকে স্বাভাবিক লুকে (পরচুলা ছাড়া) দেখা গিয়েছিল। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, ‘ধুরন্ধর’ সুপারহিট হওয়ার পর অক্ষয় খান্না সিদ্ধান্ত নেন যে ভবিষ্যতে তিনি আর পরচুলা ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াবেন না। এখানেই আপত্তি তোলেন ‘দৃশ্যম ৩’-এর নির্মাতারা। তাঁদের মতে, গল্পের ধারাবাহিকতা রক্ষায় আগের লুক বজায় রাখা জরুরি, নতুবা চরিত্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হতে পারে। এই বিষয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়।
লুকের পাশাপাশি বড় বাধা হয়ে দাঁড়ায় অক্ষয়ের আকাশচুম্বী পারিশ্রমিক। ‘দৃশ্যম ২’-এর জন্য তিনি যেখানে ২ থেকে ২.৫ কোটি রুপি নিয়েছিলেন, সেখানে নতুন ছবির জন্য তিনি একলাফে ২১ কোটি রুপি দাবি করে বসেন। ইন্ডাস্ট্রির একাংশের মতে, সাম্প্রতিক সাফল্যের পর নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে চেয়েছিলেন অভিনেতা, কিন্তু বাজেট বিবেচনায় নির্মাতারা এই প্রস্তাব গ্রহণ করতে পারেননি। শেষ পর্যন্ত কোনো প্রকাশ্য তিক্ততা ছাড়াই সৌজন্য বজায় রেখে প্রজেক্টটি থেকে সরে দাঁড়ান তিনি। বলিউড সূত্রে খবর, অক্ষয় খান্নার পরিবর্তে এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন ‘পাতাল লোক’ খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত।