বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › অ্যাভেঞ্জার্স: ডুমসডে টিজারে প্রথমবার এক্স-মেন, ম্যাগনেটো–প্রফেসর এক্স ঘিরে তুমুল আলোচনা

অ্যাভেঞ্জার্স: ডুমসডে টিজারে প্রথমবার এক্স-মেন, ম্যাগনেটো–প্রফেসর এক্স ঘিরে তুমুল আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
অ্যাভেঞ্জার্স: ডুমসডে টিজারে প্রথমবার এক্স-মেন, ম্যাগনেটো–প্রফেসর এক্স ঘিরে তুমুল আলোচনা

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) প্রথমবারের মতো এক্স-মেন চরিত্রগুলোর ঝলক দেখা গেল অ্যাভেঞ্জার্স: ডুমসডে সিনেমার নতুন টিজারে। বিশেষ করে ম্যাগনেটো, প্রফেসর এক্স ও সাইক্লোপসের উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।


রোববার রাতে টিজারের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। সেখানে দেখা যায়, জ্বলন্ত জেভিয়ার স্কুল, সাইক্লোপসের শক্তি প্রয়োগের দৃশ্য এবং ধ্বংসযজ্ঞ চালানো ভয়ংকর সেন্টিনেল। এসব দৃশ্য মুহূর্তেই মার্ভেল ভক্তদের নজর কাড়ে।


টিজারে প্যাট্রিক স্টুয়ার্টের ভয়েস-ওভারের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই যুদ্ধে কে বেঁচে থাকবে তা অনিশ্চিত। কিছু শটে ম্যাগনেটো ও প্রফেসর এক্সের মধ্যে গুরুত্বপূর্ণ কথোপকথনের আভাসও পাওয়া যায়।


প্রথমে ফাঁস হওয়া ভিডিওটি কম রেজোলিউশনের হলেও পরে সোশ্যাল মিডিয়ায় এর হাই-রেজোলিউশন সংস্করণ ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই টিজারটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়। অনেক ভক্ত মন্তব্য করেছেন, এটি ফক্সের নির্মিত যেকোনো এক্স-মেন সিনেমার চেয়েও বেশি শক্তিশালী ও আকর্ষণীয় মনে হয়েছে।


উল্লেখ্য, একসময় এক্স-মেন চরিত্রগুলোর স্বত্ব ছিল টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের হাতে। এখন মার্ভেলের অধীনে আসায় এমসিইউতে তাদের আনুষ্ঠানিক প্রবেশ ঘটল এই সিনেমার মাধ্যমে।


অ্যাভেঞ্জার্স: ডুমসডে মার্ভেলের অন্যতম বড় ক্রসওভার প্রজেক্ট। এতে খলনায়ক ডক্টর ডুমের ভূমিকায় ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র।


এ ছাড়া সিনেমাটিতে আরও ফিরছেন অ্যান্থনি ম্যাকি, ড্যানি রামিরেজ, সেবাস্টিয়ান স্ট্যান, পল রুড, টম হিডলস্টন, লেটিটিয়া রাইট, উইনস্টন ডিউক, সিমু লিউ, পেড্রো পাস্কাল, ভেনেসা কিরবি, জোসেফ কুইন, এবন মস-বাখরাচ, ফ্লোরেন্স পুগ, ডেভিড হারবার, ওয়াট রাসেল, হান্না জন-কামেন এবং লুইস পুলম্যান।


সূত্র: হিন্দুস্তান টাইমস