শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসানির্বাচনকে ঘিরে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, দুই মাসে এলো ৬ বিলিয়ন ডলারের বেশি

নির্বাচনকে ঘিরে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, দুই মাসে এলো ৬ বিলিয়ন ডলারের বেশি

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনকে ঘিরে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, দুই মাসে এলো ৬ বিলিয়ন ডলারের বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা দিয়েছে। টানা দুই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা সাম্প্রতিক সময়ের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে একক মাস হিসেবে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি ২০২৪–২৫ অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

তিনি আরও জানান, বছর ব্যবধানে জানুয়ারিতে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ৪৫ দশমিক ১০ শতাংশ। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে দেশে এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার।

ডিসেম্বর মাসেও রেমিট্যান্স প্রবাহ ছিল অত্যন্ত শক্তিশালী। ওই মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ বা ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড হয়েছে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান, সাধারণত রমজান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের আগে প্রবাসীরা বেশি অর্থ দেশে পাঠান। তবে এবার এসব মৌসুমি কারণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরেও ডিসেম্বর ও জানুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।