চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িক স্থগিত, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি বন্ধ
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে চট্টগ্রাম বন্দরে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় পরিষদের দুই সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজানকে সামনে রেখে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সোমবার সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা না দেওয়াসহ চার দফা দাবিতে রবিবার সকাল থেকে বন্দরের কর্মচারীরা ধর্মঘট শুরু করেন।
এদিন বিকেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
সরকারের এই আশ্বাসে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপের প্রতিবাদে রবিবার রাত ৯টা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার অবস্থানে ছিল সংগ্রাম পরিষদ।
শেষ পর্যন্ত শীর্ষ নেতাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর জনস্বার্থ বিবেচনায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, আন্দোলনরত কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি এবং সাময়িক বরখাস্তসহ পাঁচটি প্রধান সমস্যার সমাধান না হলে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় আন্দোলনে নামবে সংগঠনটি।