বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে ভারতে গার্মেন্ট খাতে উদ্বেগ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে ঘিরে ভারতের গার্মেন্ট ও বস্ত্রশিল্প মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির শিল্পসংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ঢাকা ও ওয়াশিংটনের পারস্পরিক শুল্ক সুবিধার ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় ভারত পিছিয়ে পড়তে পারে।
কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব চন্দ্রিমা চ্যাটার্জি জানান, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ভারতের তুলা রপ্তানি। চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে প্রস্তুত পোশাক উৎপাদন করলে তা শুল্কমুক্তভাবে যুক্তরাষ্ট্রে রপ্তানির সুযোগ পেতে পারে। এতে ভারতের তুলার চাহিদা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিরুপুর রপ্তানিকারক সংস্থার সভাপতি কে এম সুব্রামানিয়াম বলেন, বাংলাদেশ যেহেতু তৈরি পোশাক খাতে দক্ষ, তাই শুল্ক সুবিধা পেলে তারা বড় ধরনের প্রতিযোগিতামূলক সুবিধা পাবে। এতে ভারতীয় রপ্তানিকারকরা চাপে পড়তে পারেন।
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিতে শুল্কহার ১৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করেন দেশটির সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তার মতে, এর মাধ্যমে ভারত বৃহৎ মার্কিন বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, বাংলাদেশের ক্ষেত্রে যদি কার্যকর শুল্কহার কমে যায় বা শূন্যে নেমে আসে, তাহলে ভারত তুলনামূলকভাবে অসুবিধায় পড়বে।
এই প্রেক্ষাপটে ইন্ডিয়ান টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (আইটিইপিসি) চেয়ারম্যান এ শক্তিভেল বলেন, ভারত সরকারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশের মতো সমান সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন