রমজান উপলক্ষে টিসিবির ট্রাকসেল, ৩০–৩৫ লাখ ভোক্তার জন্য বিশেষ উদ্যোগ
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশে ট্রাকের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
টিসিবি জানায়, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে বিশেষ ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
রমজানে নিয়মিত পণ্য হিসেবে ভোজ্যতেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা এবং খেজুর বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। তবে ট্রাকসেলের আওতায় পণ্যের নির্ধারিত পরিমাণ ও মূল্য পরবর্তীতে ঘোষণা করা হবে।
সংস্থাটি আরও জানায়, রমজান শুরু হওয়ার আগের দিন থেকেই ট্রাকসেল কার্যক্রম শুরু হতে পারে। এই উদ্যোগের মাধ্যমে নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্য নির্ধারণ করেছে টিসিবি।