হামের প্রকোপে বাড়ছে মৃত্যু ও উদ্বেগ, টিকাদান কর্মসূচি জোরদার
হামের প্রকোপে দেশজুড়ে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে রাজধানীসহ দেশের চার জেলায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার গত ২৯ মার্চ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের মতে, সময়মতো টিকা না নেওয়ার কারণে শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। টিকা দেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যা সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়।
শিশু বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জন্মের পর নির্ধারিত সময় অনুযায়ী টিকা না পেলে হাম থেকে নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।