বাংলাদেশে ফের বাড়ছে হাম, টিকাদানের ঘাটতিকে দায় দিলেন বিশেষজ্ঞ
বাংলাদেশে একসময় প্রায় নির্মূলের পথে থাকা হাম আবারও উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন জেলায় দ্রুত বিস্তার লাভ করা এই ভাইরাসজনিত রোগ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়র ‘ভাইরাল জিনোমিক্স অ্যান্ড ইনফেকশন ডাইনামিক্স ল্যাবরেটরি’র পরিচালক ড. মো. গোলজার হোসেন জানিয়েছেন, টিকাদানের ঘাটতি, অপুষ্টি এবং অতিরিক্ত জনঘনত্ব—এই তিনটি প্রধান কারণে হামের ঝুঁকি বেড়েছে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক বায়ুবাহিত রোগ, যা Measles virus দ্বারা সৃষ্ট। আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচির মাধ্যমে ভাইরাস ছড়ায় এবং এটি বাতাসে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ফলে একজন আক্রান্ত ব্যক্তি থেকে গড়ে ১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে।
তিনি আরও জানান, যেসব শিশু টিকা নেয়নি বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম—বিশেষ করে অপুষ্টিতে ভোগা ও ভিটামিন ‘এ’ ঘাটতিতে আক্রান্ত শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। গর্ভবতী নারীদের ক্ষেত্রেও এ রোগ জটিলতা তৈরি করতে পারে।