হামে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, এক মাসে প্রাণ গেল ২১৩ শিশুর
দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে এক মাস তিন দিনে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। একই সময়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২২ হাজার ৪০৯ জন, যদিও বেসরকারি হিসাবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
হঠাৎ হামের এই বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, টিকা ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা, সরবরাহ সংকট, জনবল ঘাটতি, নজরদারির অভাব এবং নিয়মিত বিশেষ টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
তাদের দাবি, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে হাম নির্মূলের লক্ষ্য থাকলেও বিগত দুই সরকার ও বর্তমান স্বাস্থ্য বিভাগের ব্যর্থতায় তা বাস্তবায়িত হয়নি। নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা ১০ থেকে ১৫ শতাংশ শিশুই এখন বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা আরও জানান, ৯ মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। বাদ পড়া শিশুদের সংখ্যা বছর বছর জমে বড় আকার ধারণ করায় এখন তা মহামারির রূপ নিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়েছে। সময়মতো টিকা না দেওয়াকে তিনি ‘ক্ষমাহীন অপরাধ’ হিসেবে উল্লেখ করে শিশুমৃত্যুতে দুঃখ প্রকাশ করেন।