এলপি গ্যাসের দাম এক লাফে ২১২ টাকা বেড়ে ১,৯৪০, অটোগ্যাসও মহার্ঘ
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দর রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।
একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ভোক্তাপর্যায়ে অটোগ্যাস প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিলের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
এর আগে গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সিলিন্ডারপ্রতি ২১২ টাকা বাড়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ব্যয় আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।