২৪ ঘণ্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়েই চলছে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ শিশুর সবাই সন্দেহজনক হামে আক্রান্ত ছিল। একই সময়ে মোট ১ হাজার ২৮৭ শিশুর মধ্যে ২২৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৫৮ জনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৬০ শিশুর। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৭৫ জন, যাদের মধ্যে ১৭ হাজার ৮১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এদিকে একই সময়ের মধ্যে দেশে হামে মোট ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০৯ জন সন্দেহজনক হামে এবং ৪২ জন নিশ্চিত হামে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর পর্যায়ক্রমে রয়েছে রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।