দেশে আরও ৯ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ শনাক্ত ১,৪৩৫ জনের
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে তিনজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল। বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুই বরিশাল বিভাগ–এর বাসিন্দা। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজন ঢাকা বিভাগ, দুজন খুলনা বিভাগ এবং একজন সিলেট বিভাগ–এর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ১ হাজার ৪৩৫ জনের মধ্যে ৪৮৯ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৯১ শিশু।