২ শতাংশ জমা দিলেই খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ
বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ পুনঃতফসিল ও নিয়মিত করার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়া প্রতিষ্ঠানগুলোকে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়েছে।
নতুন এই সুবিধা মূলত সেইসব ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য, যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময় ব্যবসায়িক সমস্যায় পড়েছে অথবা মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, গত ৩১ মার্চ পর্যন্ত যেসব ঋণ খেলাপি হয়েছে, কেবল তারাই এই সুবিধার আওতায় আসবে।
এ সুবিধা নিতে আগ্রহী গ্রাহকদের আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর তিন মাসের মধ্যে ব্যাংকগুলোকে তা নিষ্পত্তি করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, ঋণ পুনঃতফসিলের নতুন মেয়াদ হবে সর্বোচ্চ ১০ বছর। এছাড়া ঋণ নিয়মিত হওয়ার পর প্রথম দুই বছর কিস্তি পরিশোধে বিরতি বা গ্রেস পিরিয়ড সুবিধা দেওয়া হবে।
তবে যারা এর আগে নীতিসহায়তার আওতায় ঋণ নিয়মিত করেছেন, তারা নতুন এই সুবিধা পাবেন না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনঃতফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে এককালীন ঋণ পরিশোধের সুযোগও রাখা হয়েছে, যেখানে গ্রাহকরা ঋণ পরিশোধে এক বছর সময় পাবেন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আলাদা অনাপত্তি প্রয়োজন হবে না।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডাউন পেমেন্টের অর্থ নগদায়নের পর থেকেই আবেদন নিষ্পত্তির তিন মাস সময় গণনা শুরু হবে। সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহক নতুন কোনো ঋণ সুবিধা পাবেন না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।