মঙ্গলবার , ১২ মে ২০২৬
মঙ্গলবার , ১২ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.২২৬ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.২২৬ বিলিয়ন ডলারে

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.২২৬ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৪ দশমিক ২২৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১১ মে পর্যন্ত হালনাগাদ তথ্যে এই পরিমাণ গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালান্স অব পেমেন্টস ও ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল–৬ অনুযায়ী (বিপিএম৬ পদ্ধতি) রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৫৬৫ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

এই সময়ে দেশে মোট ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন ডলার। ফলে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।

শুধু ১ থেকে ৯ মে সময়েই দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ০২৯ বিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই সময়ে ছিল ৮৬৪ মিলিয়ন ডলার। এতে মাসভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ১ শতাংশ। ৭ থেকে ৯ মে মাত্র তিন দিনে এসেছে ২৭৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

বিশেষজ্ঞদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং সেবা সহজীকরণ এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।