ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকার ঋণ, ‘ই-লোন’ চালুর নির্দেশ
ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজ ও দ্রুত করতে অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ই-ঋণ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন এবং অর্থ গ্রহণ করতে পারবেন।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে ব্যাংকগুলোকে ই-লোন সেবা চালু করতে হবে। এই ব্যবস্থায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এবং ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস।
এতে আরও জানানো হয়েছে, ই-লোনের সুদ হার বাজারভিত্তিকভাবে নির্ধারিত হবে। তবে পুনঃঅর্থায়ন সুবিধা থাকলে গ্রাহকের জন্য সর্বোচ্চ সুদ হার ৯ শতাংশ নির্ধারিত হবে।
ঋণ বিতরণ, কিস্তি পরিশোধসহ পুরো প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালভাবে সম্পন্ন করতে হবে। আবেদন যাচাইয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য ও অন্যান্য ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) প্রতিবেদন যাচাই করতে হবে এবং খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন না।
এছাড়া সুদ, ফি, চার্জ বা অতিরিক্ত কোনো খরচের তথ্য আগে থেকেই গ্রাহককে জানাতে হবে এবং তার সম্মতি ছাড়া কোনো ধরনের অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না।
সাইবার নিরাপত্তার বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে লেনদেন নিরাপদ করার কথা বলা হয়েছে।
প্রতিটি ব্যাংককে নিজস্ব নীতিমালা তৈরি করে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এই সেবা চালু করতে হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।