পাঁচ এনবিএফআই বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক
দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী জুলাই মাস থেকে এসব প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের প্রক্রিয়া শুরু হবে।
গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।
বন্ধ বা অবসায়নের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে ঋণ আদায় করতে ব্যর্থ হওয়ায় আমানতকারীদের অর্থ ফেরত দিতেও প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক রেজুলেশন আইনের আওতায় এসব প্রতিষ্ঠানকে ধাপে ধাপে বন্ধ বা অবসায়নের প্রক্রিয়ায় নেওয়া হবে। একজন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা জানান, আমানতকারীদের স্বার্থ বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।