দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। ঈদের আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (২৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে তাদের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায়এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং অলংকারের ডিজাইনের ওপর ভিত্তি করে আলাদা মজুরিও প্রযোজ্য হবে।
এর আগে গত ২১ মে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এ নিয়ে চলতি বছরে মোট ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস।