সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাজুনের ২৭ দিনেই দেশে এলো ২৪৫ কোটি ডলার রেমিট্যান্স

জুনের ২৭ দিনেই দেশে এলো ২৪৫ কোটি ডলার রেমিট্যান্স

favicon
ভোরের আলো ডেস্ক:
জুনের ২৭ দিনেই দেশে এলো ২৪৫ কোটি ডলার রেমিট্যান্স

চলতি জুন মাসের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৪৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৮ লাখ ডলার।


রোববার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।


তিনি বলেন, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৯ কোটি ৯০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স কিছুটা কমলেও, পুরো অর্থবছরের হিসাবে প্রবৃদ্ধি ইতিবাচক রয়েছে।


চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৭ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি।

সাম্প্রতিক মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়। এর আগে মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

এছাড়া এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ, জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে।

অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার, ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড।