রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসা২০২৫–২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৬৪ শতাংশ কমেছে

২০২৫–২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৬৪ শতাংশ কমেছে

favicon
ভোরের আলো ডেস্ক:
২০২৫–২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৬৪ শতাংশ কমেছে

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের প্রভাবে ২০২৫–২৬ অর্থবছরে দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের রপ্তানি আয়ে পতন হয়েছে। এ সময়ে খাতটি থেকে আয় হয়েছে ৩৮ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ কম।


রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এখনো তৈরি পোশাক খাত থেকেই আসে।


তথ্য অনুযায়ী, ওভেন পোশাক রপ্তানি ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার থেকে কমে ১৮ দশমিক ০৮ বিলিয়ন ডলারে নেমেছে, যা ০ দশমিক ৬১ শতাংশ হ্রাস। অন্যদিকে নিট পোশাক রপ্তানি ২১ দশমিক ১৬ বিলিয়ন ডলার থেকে কমে ২০ দশমিক ৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, অর্থাৎ এ খাতে ২ দশমিক ৫৩ শতাংশ পতন হয়েছে।


মাসভিত্তিক হিসাবে অর্থবছরের শুরুতে জুলাই মাসে রপ্তানিতে ২৪ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেলেও, আগস্ট থেকে মার্চ পর্যন্ত অধিকাংশ মাসেই নেতিবাচক প্রবণতা ছিল। মার্চে সর্বোচ্চ ১৯ দশমিক ৩৫ শতাংশ, ডিসেম্বরে ১৪ দশমিক ২৩ শতাংশ এবং ফেব্রুয়ারিতে ১৩ দশমিক ২১ শতাংশ রপ্তানি কমে যায়। যদিও এপ্রিলে ৩১ দশমিক ২১ শতাংশ এবং জুনে ২১ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়, তবুও পুরো অর্থবছরের হিসাবে রপ্তানি আয় কমেছে।


বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, বিশ্ববাজারে দুর্বল চাহিদা, ক্রেতাদের কম দামে পণ্য কেনার প্রবণতা এবং উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে অনেক কারখানা লোকসানের মুখে পড়েছে। এর ফলে কিছু প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে, যা সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।