রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাঅর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন অর্থায়নের উৎস খুঁজছে সরকার

অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন অর্থায়নের উৎস খুঁজছে সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন অর্থায়নের উৎস খুঁজছে সরকার

উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং বৈদেশিক ঋণের ক্ষেত্রে এককভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প উৎস খুঁজছে সরকার। এ লক্ষ্যে চীন, জাইকা, ডিএফআইডি, আইডিবিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগ জোরদার করা হচ্ছে।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বৈদেশিক ঋণের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হলে অর্থায়নের শর্ত ও সুদের হার নিয়ে আরও কার্যকরভাবে আলোচনা করার সুযোগ তৈরি হবে বলে সরকারের ধারণা।


এ উদ্দেশ্যে ৩২টি দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বয়ে গঠিত বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছরই ফোরামটির সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-কে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।


বিশ্লেষকদের মতে, ২০২৬–২৭ অর্থবছরেও দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে থাকবে। অর্থমন্ত্রীও আর্থিক খাতের সংকট কাটিয়ে উঠতে আরও সময় লাগতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তবে নতুন বাজেটে ঘোষিত সংস্কার কার্যকরভাবে বাস্তবায়িত হলে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বাড়তে পারে।


এদিকে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে আইএমএফের একটি প্রতিনিধিদল আগামী ১২ থেকে ১৭ জুলাই ঢাকা সফর করবে। একই সঙ্গে বিশ্বব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকেও অর্থনৈতিক সহায়তা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।


বিশ্বব্যাংক দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে কয়েকটি অগ্রাধিকার খাতের ওপর গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে রাজস্ব আদায় ব্যবস্থার সংস্কার, রপ্তানি বহুমুখীকরণ, সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা।


অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করা গেলে সরকারের দরকষাকষির সক্ষমতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।