‘পথের পাঁচালী’ দেখে স্তম্ভিত হয়েছিলেন ক্রিস্টোফার নোলান
বিশ্বব্যাপী আলোচিত নতুন চলচ্চিত্র ‘দি ওডিসি’র সাফল্যের মধ্যেই কিংবদন্তি ভারতীয় নির্মাতা সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান। নিউইয়র্কের বিখ্যাত ‘ক্রাইটেরিয়ন ক্লজেট’ পরিদর্শনের সময় তিনি সত্যজিৎ রায়ের বিখ্যাত ‘অপু ট্রিলজি’ হাতে তুলে নিয়ে এর ভূয়সী প্রশংসা করেন।
সম্প্রতি ‘ক্রাইটেরিয়ন কালেকশন’-এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিশ্বের অন্যতম সমৃদ্ধ ক্লাসিক ও সমসাময়িক চলচ্চিত্রের সংগ্রহশালা ‘ক্রাইটেরিয়ন ক্লজেট’ থেকে নিজের পছন্দের চলচ্চিত্র বেছে নিচ্ছেন নোলান। এ সময় তিনি ‘অপু ট্রিলজি’ হাতে নিয়ে সত্যজিৎ রায়কে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে উল্লেখ করেন।
নোলান বলেন, ‘পথের পাঁচালী’ অসাধারণ একটি চলচ্চিত্র। এটি দেখে তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তবে ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় ছবি ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’ এখনো দেখা হয়নি বলেও জানান তিনি। শিগগিরই পুরো ট্রিলজি দেখার আগ্রহের কথাও প্রকাশ করেন।
নোলানের এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেক চলচ্চিত্রপ্রেমী এটিকে বিশ্ব চলচ্চিত্রের দুই কিংবদন্তি নির্মাতার প্রতি এক নির্মাতার আন্তরিক শ্রদ্ধা হিসেবে অভিহিত করেছেন। কেউ লিখেছেন, ‘এক কিংবদন্তি আরেক কিংবদন্তিকে সম্মান জানাচ্ছেন’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘একজন প্রকৃত গুরুই আরেক গুরুকে চিনতে পারেন।’
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পথের পাঁচালী’ (১৯৫৫), ‘অপরাজিত’ (১৯৫৬) এবং ‘অপুর সংসার’ (১৯৫৯)—এই তিনটি চলচ্চিত্র নিয়ে গড়ে উঠেছে বিশ্বখ্যাত ‘অপু ট্রিলজি’। অপুর শৈশব, কৈশোর, প্রাপ্তবয়স্ক জীবন, পরিবার, ভালোবাসা ও সংগ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই ট্রিলজি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ক্রিস্টোফার নোলানের সর্বশেষ চলচ্চিত্র ‘দি ওডিসি’ মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা পাচ্ছে। হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ডসহ হলিউডের একাধিক তারকা।