নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের
নিরাপত্তার দাবি জানিয়ে করা আইনজীবী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া, যিনি পিয়া জান্নাতুল নামে পরিচিত, তার সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানাকে জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোস্তফা কামাল জানান, আদালতের নির্দেশ অনুযায়ী বনানী থানা পুলিশ জিডির অভিযোগগুলো তদন্ত করবে।
এর আগে, গত ৮ জুলাই পিয়া জান্নাতুল বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, অতীত বা বর্তমান—কোনো সময়ই তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।
জিডিতে তিনি আরও দাবি করেন, সম্প্রতি এক নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে মানবিক ও আইনসম্মত অবস্থান নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ্য করে অসংখ্য হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং আপত্তিকর বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে একাধিক হুমকিমূলক ফোনকলও পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া গত প্রায় তিন মাস ধরে কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনার কারণে তিনি এবং তার পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্কিত বলে জানিয়েছেন।
জিডিতে পিয়া আশঙ্কা প্রকাশ করেন, যে কোনো সময় তার বা তার পরিবারের সদস্যদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তিনি।