কাশ্মীরে হামলায় ক্ষুব্ধ মাহিরা ও হানিয়া, শান্তির ডাক অনুরাগীদের
পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ বিভিন্ন এলাকায় ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন, যাদের মধ্যে শিশুও রয়েছে। বুধবার ভোরে এই হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের দুই জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির।
মাহিরা খান ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানি লেখিকা ফাতিমা ভুট্টোর একটি সমালোচনামূলক টুইট শেয়ার করে লেখেন, “একেবারে কাপুরুষোচিত! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন এবং যেন সকলের বিবেক জাগ্রত হয়। আমিন।”
অন্যদিকে, হানিয়া আমির তার প্রতিক্রিয়ায় একমাত্র শব্দেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, “কাপুরুষোচিত।”
এই পোস্টগুলো পাকিস্তানি অনুরাগীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ ভারতকে পাল্টা জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন, আবার অনেকেই যুদ্ধ নয়, শান্তির পক্ষে মত দিয়েছেন। সাধারণ মানুষের কণ্ঠে উঠে এসেছে আর প্রাণহানি নয়—বিশ্বজুড়ে শান্তিই হোক অগ্রাধিকার।