‘জেন জি’দের ‘নর্দমার প্রজন্ম’ বলায় কঙ্গনাকে সোনু সুদের কড়া জবাব
প্রজন্ম বা 'জেন জি'কে (Gen Z) নিয়ে বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউতের বিতর্কিত মন্তব্যের পর এবার কড়া সমালোচনা করেছেন অভিনেতা সোনু সুদ। তরুণদের প্রতি অসম্মানজনক মন্তব্য করাকে অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে কঙ্গনাকে দেখেশুনে কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোনু সুদ বলেন, "আমি তাঁর মন্তব্য শুনিনি। তবে এটি সত্য যে তরুণ প্রজন্মই একজন অভিনেতার ক্যারিয়ার তৈরি করে এবং তাকে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে। তারা যতদিন পাশে থাকবে, ততদিনই আপনার সমৃদ্ধি। তাই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া উচিত।"
পরবর্তীতে এক সাংবাদিক কঙ্গনার 'নর্দমার প্রজন্ম' মন্তব্যের বিশদ তুলে ধরলে সোনু স্পষ্ট ভাষায় বলেন, "তিনি যদি সত্যিই এমনটি বলে থাকেন, তবে তা অত্যন্ত লজ্জাজনক। এমন কথা বলা মোটেও উচিত হয়নি।"
একটি হিন্দি প্রবাদ উদ্ধৃত করে এই অভিনেতা আরও যোগ করেন, "তোল মোল কে বোল (মেপে কথা বলুন)। সাধারণ জনগণ ঈশ্বরের রূপ। তাই জনসম্মুখে কী বলছেন, তা নিয়ে সতর্কতার সঙ্গে ভাবা অত্যন্ত জরুরি।"
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে 'জেন জি' আন্দোলনকারীদের প্রতি ক্ষোভ ঝেরে কঙ্গনা রানাউত লেখেন, "জেন-জিদের আন্দোলনের ভিডিওগুলো দেখলে বমি আসে। আমার পুরো জীবনে এত অপসংস্কৃতি ও রুচিহীনতা দেখিনি।" এরপর এক ধাপ এগিয়ে তরুণদের একটি অংশকে ‘জেনারেশন গটার’ বা ‘নর্দমার প্রজন্ম’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেন যে দেশের উন্নয়নে তাদের কোনো অবদান নেই।
কঙ্গনার এমন কটু মন্তব্যের পর বিনোদনজগৎ ও সামাজিক মাধ্যমে তাঁর দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র সমালোচনা শুরু হয়েছে।