দুর্গাপুরে ডনবস্কো কলেজে সোনালী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু
নেত্রকোনার দুর্গাপুরে সোনালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে শিক্ষা খাতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হয়েছে। বুধবার দুপুরে বিরিশিরি ডনবস্কো কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হয়।
সোনালী ব্যাংকের ‘সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি)’ ব্যবহার করে এখন থেকে ডনবস্কো কলেজের শিক্ষার্থীরা ঘরে বসেই অ্যাপের মাধ্যমে বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফিসহ বিভিন্ন আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবে—ব্যাংকে সরাসরি যাওয়ার প্রয়োজন হবে না।
প্রথম ধাপে এই সুবিধার আওতায় এসেছে ডনবস্কো কলেজের প্রায় ১,১০০ শিক্ষার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের এসডিবি কো-অর্ডিনেটর ফাদার ভিক্টর মানখিন। কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি নেত্রকোনা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. নুরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডনবস্কো স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও সহকারী অধ্যক্ষ রুমন রাংসা, সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখার ব্যবস্থাপক শাহজালাল মিয়া এবং সেবা শিক্ষা ডটকম-এর বিভাগীয় নির্বাহী কর্মকর্তা ওয়ারি ফ্রং।
এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক লেনদেন হবে আরও সহজ, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী।