শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাভারতের শেয়ারবাজারে সূচকের ওঠানামা, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

ভারতের শেয়ারবাজারে সূচকের ওঠানামা, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতের শেয়ারবাজারে সূচকের ওঠানামা, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

গতকাল বুধবার সূচকে উত্থানের পর আজ বৃহস্পতিবার সকালে ভারতের শেয়ারবাজারে ওঠানামা দেখা যাচ্ছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেনসেক্স সূচক সামান্য কমে গেছে ৬.৯৭ পয়েন্ট, যদিও দিনের শুরুতে সূচকটি কিছুটা বেড়েছিল। সামগ্রিকভাবে বাজারে বিনিয়োগকারীরা এখন বেশ সতর্ক।

ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের অপর প্রধান সূচক নিফটিও আজ কিছুটা হ্রাস পেয়েছে। বর্তমানে সূচকটি ২৪,৩৯৬ পয়েন্টে অবস্থান করছে, যা আগের তুলনায় ১৮ পয়েন্ট কম। অপরদিকে সেনসেক্স সূচক রয়েছে ৮০,৭৩৯ পয়েন্টে।

বুধবার সেনসেক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে পৌঁছেছিল ৮০,৭৪৬-এ, আর নিফটি বেড়েছিল ৩৪.৮০ পয়েন্ট। নিফটি মিডক্যাপ ১০০ ও নিফটি স্মলক্যাপ সূচকও ১.৫০ শতাংশ করে বাড়ে। ওইদিন প্রতিরক্ষা খাতের শেয়ারে উল্লম্ফন দেখা গেছে। তবে মঙ্গলবার যুদ্ধের উত্তেজনায় সূচকগুলো পড়ে গিয়েছিল।

অনেকেই ধারণা করেছিলেন, গতকাল বড় ধরনের পতন হবে ভারতের বাজারে। কিন্তু ভারত-যুক্তরাজ্যের মধ্যে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কারণে বাজার ঘুরে দাঁড়ায়।

আজকের লেনদেনে জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারের দাম ৫ শতাংশ কমেছে, টাটা কেমিক্যালসের বেড়েছে ২ শতাংশ এবং ভোল্টাসের শেয়ার ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডাবরের শেয়ার কমেছে ৪ শতাংশ।

আন্তর্জাতিক বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। আজ সকালে হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ০.৬ শতাংশ, জাপানের টোপিক্স সূচক কমেছে ০.২ শতাংশ। অন্যদিকে ইউরোস্টক্স ফিউচার্স ও এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স সূচক বেড়েছে ০.৪ শতাংশ করে।

এছাড়া মার্কিন-চীন বাণিজ্য আলোচনা ইতিবাচকভাবে এগোনোর খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫১ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬১.৬৩ ডলারে এবং ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে ৫৮.৬৪ ডলারে পৌঁছেছে।