শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › ১৫ মাস পর দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলবে পরবর্তী ধাপেও

১৫ মাস পর দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলবে পরবর্তী ধাপেও

favicon
ভোরের আলো ডেস্ক:
১৫ মাস পর দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চিকিৎসা চলবে পরবর্তী ধাপেও

দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, দেশে ফিরে ভালো লাগছে এবং সবার দোয়া ও ভালোবাসা কামনা করছেন।


গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য তিনি লন্ডনে অবস্থান করছিলেন। চিকিৎসাকালে হাসপাতালের পাশাপাশি মেয়ের বাসায় থেকেও নিয়মিত চিকিৎসা নিয়েছেন।


অভিনেতার ছেলে মিরাজুল মইন জয় জানান, অস্ত্রোপচারের পর রেডিয়েশন ও সর্বশেষ কেমোথেরাপির ধাপ শেষ হয়েছে। চিকিৎসকদের মতে, টিউমারের আকার আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে, যা ইতিবাচক অগ্রগতি। তবে পরবর্তী ধাপের চিকিৎসার জন্য ভবিষ্যতে আবার বিদেশে যেতে হবে।


গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব না হলেও বড় অংশ সফলভাবে অপসারণ করা হয়েছিল। পরবর্তী পরীক্ষায় তার ব্রেন ক্যান্সার ধরা পড়ে।


এরপর দীর্ঘ সময় ধরে কেমোথেরাপি, রেডিয়েশন ও ওরাল থেরাপির সমন্বয়ে চিকিৎসা গ্রহণ করেন তিনি। পারিবারিক সূত্র জানায়, চিকিৎসার বিভিন্ন ধাপে তাকে প্রায় ১০০টি কেমোথেরাপি সেশন নিতে হয়েছে।


বর্তমানে তিনি কিছুদিন দেশে অবস্থান করবেন। এ সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা অব্যাহত থাকবে।