‘রাম-লীলা’ প্রস্তুতিতে চরিত্রে ডুবে গিয়েছিলেন দীপিকা, জানালেন সহ-অভিনেত্রী
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার প্রস্তুতিকালে চরিত্রের প্রয়োজনে নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলতে দ্বিধা করেননি বলে জানিয়েছেন অভিনেত্রী ও অভিনয় প্রশিক্ষক জয়তী ভাটিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পরিচালক সঞ্জয় লীলা বানসালির ২০১৩ সালের এই চলচ্চিত্রের শুটিং শুরুর আগে দীপিকার জন্য কয়েক দিনের একটি অভিনয় কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেই কর্মশালার দায়িত্বে ছিলেন জয়তী ভাটিয়া।
এক সাক্ষাৎকারে তিনি জানান, কর্মশালাটি সাত দিনের জন্য পরিকল্পনা করা হলেও মাত্র চার দিনের মধ্যেই তিনি পরিচালককে জানান, দীপিকা চরিত্রের জন্য পুরোপুরি প্রস্তুত।
জয়তীর ভাষ্য অনুযায়ী, প্রতিটি অনুশীলনে দীপিকা অত্যন্ত মনোযোগী ছিলেন এবং নতুন কিছু শেখার ব্যাপারে তার কোনো দ্বিধা ছিল না। তিনি বলেন, ‘ককটেল’ সিনেমার পর দীপিকার আত্মবিশ্বাস অনেক বেড়েছিল। পরিচালক যা চাইতেন, তা বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করতেন।
কর্মশালার একটি ঘটনার কথা উল্লেখ করে জয়তী জানান, ক্যামেরার সামনে সংকোচ কাটাতে দীপিকাকে একটি অভিনয় অনুশীলনের অংশ হিসেবে উচ্চস্বরে কঠোর ভাষার সংলাপ বলতে বলা হয়েছিল। তার দাবি, দীপিকা দৃশ্যটির অভিনয়ে এতটাই স্বতঃস্ফূর্ত ছিলেন যে প্রত্যাশার চেয়েও বেশি প্রাণবন্তভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন।
তিনি আরও বলেন, তখন দীপিকা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত তারকা হলেও অন্যরা কী ভাববে, তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন না। চরিত্রের প্রয়োজনকে তিনি সবসময় অগ্রাধিকার দিতেন।
জয়তীর মতে, শুরুতে দীপিকা ধারণা করেছিলেন তিনি হয়তো শান্ত স্বভাবের একটি চরিত্রে অভিনয় করবেন। তবে পরিচালক সঞ্জয় লীলা বানসালি তাকে আগেই জানিয়েছিলেন, চরিত্রটি হবে আবেগপ্রবণ, সাহসী ও প্রাণবন্ত। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে অভিনেত্রী শুরু থেকেই নিবিড় প্রস্তুতি নিয়েছিলেন।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পায় এবং দীপিকার অভিনয় সমালোচক ও দর্শকদের প্রশংসা অর্জন করে। পরবর্তীতে এই ছবির শুটিংয়ের সময় থেকেই দীপিকা ও রণবীরের সম্পর্কের সূচনা হয়, যা পরে বিয়েতে গড়ায়।