২৫ বছরের দূরত্ব ঘুচছে? নতুন সিনেমায় কারিনাকে চাইছেন সঞ্জয় লীলা বানসালি
প্রায় ২৫ বছরের পুরোনো দূরত্ব ঘুচতে পারে বলিউডের বর্ষীয়ান নির্মাতা সঞ্জয় লীলা বানসালি ও অভিনেত্রী কারিনা কাপুর খানের মধ্যে। বলিউডে জোর গুঞ্জন, নতুন একটি সিনেমার জন্য কারিনাকে কেন্দ্রীয় চরিত্রে নেওয়ার পরিকল্পনা করছেন বানসালি।
২০০০ সালের শুরুর দিকে বানসালির আলোচিত সিনেমা দেবদাস-এ পার্বতীর চরিত্রের জন্য কারিনা কাপুরের লুক টেস্ট নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত চরিত্রটি পান ঐশ্বরিয়া রাই বচ্চন। সে সময় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, এ ঘটনায় কারিনা নিজেকে উপেক্ষিত মনে করেছিলেন এবং এরপর আর কখনও বানসালির সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন। এরপর দীর্ঘ সময় তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি।
পরবর্তীতে *গোলিও কি রাসলীলা রামলীলা* সিনেমাতেও কারিনাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন বানসালি বলে শোনা যায়। তবে ব্যস্ততার কারণে অভিনেত্রী সেই প্রস্তাব গ্রহণ করেননি। বিষয়টি নির্মাতাকেও বিস্মিত করেছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
সাম্প্রতিক খবরে বলা হচ্ছে, বানসালির প্রযোজনায় নির্মিতব্য নতুন একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেতা ধানুশ। আর তার বিপরীতে কারিনা কাপুর খানকে নেওয়ার ব্যাপারে আগ্রহী নির্মাতা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি, তবে প্রকল্পটি নিয়ে কারিনার আগ্রহ রয়েছে বলে বলিউডের একাধিক সূত্রের দাবি।
সিনেমাটি পরিচালনা করবেন তামিল নির্মাতা পি. এস. মিত্রন। এর আগে তিনি ইরুম্বু থিরাই, হিরো এবং সর্দা পরিচালনা করেছেন। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে প্রাক-প্রযোজনার কাজ শুরু হবে এবং সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে শুটিং শুরু হতে পারে।