আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন সালমান খান
ভারতের আসামে ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়া ৫০০ পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তার সংস্থা ‘বিইং হিউম্যান’-এর মাধ্যমে এই পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সাম্প্রতিক বন্যায় আসামের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে দুর্ভোগে পড়েছে। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে এর আগে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছিল সালমান খানের সংস্থা। এবার ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি নেপালি খুটি গ্রামে ইতোমধ্যে প্রায় ২২০টি আধা স্থায়ী ঘর নির্মাণ করা হয়েছে। এগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে হস্তান্তরও শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি ঘর নির্মাণে আনুমানিক ৩৫ হাজার থেকে ৪০ হাজার রুপি ব্যয় হচ্ছে। পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবে মোট ৫০০টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে নির্মিত ২২০টি ঘরের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সালমান খান বলেন, সামর্থ্য অনুযায়ী বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত। মানুষ হিসেবে অন্য মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।