১০ বছর পূর্ণ করল ব্ল্যাকপিঙ্ক, উদযাপনে ভক্তদের জন্য বিশেষ আয়োজন
সঙ্গীত জগতে এক দশক পূর্ণ করল বিশ্বখ্যাত কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। ১০ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্ট।
শনিবার (৮ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে মাত্র ৪০ জন ভক্তের অংশ নেওয়ার সুযোগ থাকায় অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ ও সমালোচনা দেখা দিয়েছে।
ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, গত এক দশক ধরে ব্ল্যাকপিঙ্ককে সমর্থন দিয়ে আসা অনুরাগী বা ‘ব্লিংক’দের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ আয়োজন। তবে অনুষ্ঠানে মাত্র ৪০ জনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তে বিশ্বজুড়ে থাকা অনেক ভক্ত হতাশা প্রকাশ করেছেন।
ভক্তদের অনেকেই মনে করছেন, আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয় একটি ব্যান্ডের ১০ বছর পূর্তির মতো গুরুত্বপূর্ণ আয়োজনে ৪০ জনের উপস্থিতি খুবই সীমিত।
আয়োজনের পরিসর নিয়ে বিতর্কের মধ্যেই ব্যান্ডের এই বিশেষ মাইলফলক উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন সদস্য জেনি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি গত এক দশকের পথচলায় যারা তাকে বিশ্বাস ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেনি জানান, ভক্তদের ভালোবাসাই তাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। নিজের স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে সহায়তা করার জন্য অনুরাগী ও সহসদস্যদেরও ধন্যবাদ জানান তিনি।
ব্যান্ডের অপর তিন সদস্য জিসু, রোজে ও লিসার কথা উল্লেখ করে জেনি বলেন, ১০ বছর পর ‘ধন্যবাদ’ শব্দটি তার কাছে আগের চেয়ে অনেক বেশি অর্থবহ মনে হচ্ছে। এই দীর্ঘ ও সুন্দর যাত্রায় পাশে থাকার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান তিনি।
২০১৬ সালে আত্মপ্রকাশের পর থেকে ব্ল্যাকপিঙ্ক বিশ্বজুড়ে কে-পপের অন্যতম জনপ্রিয় নাম হয়ে উঠেছে। এক দশকের পথচলায় জিসু, জেনি, রোজে ও লিসা মিলে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন।