শিরোনাম সালমান শাহ হত্যা মামলার আসামি ডনকে আদালতে হাজির
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।**
রোববার (৯ আগস্ট) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হস্তান্তর করা হয়।
এরপর সিআইডির পক্ষ থেকে আশরাফুল হক ডনকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়।
সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ডনকে ৪ নম্বর আসামি করা হয়েছে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত।
মামলার তদন্ত শুরুর কয়েক দিন পরও আশরাফুল হক ডন ও সামিরা হকের ব্যবহৃত মোবাইল ফোন সচল ছিল। এরপর তারা পলাতক ছিলেন বলে পুলিশ জানায়।
আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতারের লক্ষ্যে রমনা থানা পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য পাঠায়। এর ভিত্তিতেই রোববার দেশ ছাড়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়।